ভয়েস এশিয়ান, ১১ এপ্রিল, ২০২৬।। এবার মঞ্চ নাটক দেখতে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
তারা শনিবার সন্ধ্যা ৭টার দিকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে ওনার সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে এসেছেন। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী এখানে এসেছেন। এখন ওনারা নাটক দেখছেন।”
প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছে এ খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে থাকা শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ভিন্ন অনুভূতির সৃষ্টি হয় বলে তুলে ধরেন অতিরিক্ত প্রেস সচিব।
এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেতে প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন। সেদিন ছিল শুক্রবার; তারা সন্ধ্যার শো দেখতে গিয়েছিলেন।
এবার বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে হঠাৎ সরকারপ্রধানের আগমনে শিশু শিল্পীসহ দর্শকদের হতচকিত হতে দেখা যায়। কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখে অনেককে খুশিতে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে যখন মঞ্চে ওঠেন তখন পুরো মিলনায়তনের দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘‘বিনোদনের জন্য নাটক দেখতে নয়, মূলত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই এখানে এসেছেন।
‘‘প্রধানমন্ত্রী পরে শিশু শিল্পীদের সাথে ফটোসেশনেও অংশ নেন।”
শিকড় চিলড্রেন থিয়েটারে প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্প থেকে এ শিশুতোষ নাটকের নাট্যরুপ দিয়েছেন তপু চন্দ্র দাস।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে হঠাৎ বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে দেখে নাটকের শিশু শিল্পীদের খুশিতে উচ্ছ্বসিত হতে দেখা যায়। প্রধানমন্ত্রী, তার সহধর্মিনী ও কন্যা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শিশু শিল্পীসহ অন্য শিশুদের সঙ্গে ছবি তোলের প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা।
শিকড় চিলড্রেন থিয়েটারের সভাপতি জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরাও খুবই সারপ্রাইজড হয়েছি। প্রধানমন্ত্রী ৩০০ টাকার টিকেট কেটে সাধারণ দর্শকের মতোই নাটক দেখেছেন। ওনার স্ত্রী, মেয়েও সঙ্গে ছিলেন।"
মহিলা সমিতির ব্যবস্থাপনা কর্মকর্তা গাজী ফিরোজ বলেন, তারাও আগে থেকে কিছুই জানতেন না।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী সাধারণ দর্শকের মতোই টিকেট কেটে নাটক দেখেছেন। আমরাও জানতাম না প্রধানমন্ত্রী আসবেন। তিনি এসে নাটক দেখেছেন সাধারণ একজন দর্শকের মতো। সচিবালয় থেকে আমাদের কাছে একটা ফোন এসেছিল, জানতে চেয়েছিল টিকেট পাওয়া যাবে কি না? তখনো বলা হয়নি প্রধানমন্ত্রী দেখবেন।"
শিকড় চিলড্রেন থিয়েটার মূলত খিলগাঁও চৌধুরী পাড়ার একটি শিশুদের নাট্যদল এবং কিডজ টাইম নামে একটি শিশুদের প্রতিষ্ঠানও আছে সংগঠনটির।